কলকাতা একদিন ইউটোপিয়া হবে
- অয়ন ভড়

"কলকাতা একদিন তিলোত্তমা নগরী হবে জানো?"
শুধেছিলে তুমি, আজও সেই সব কথা মানো?
দেয়াল জুড়ে পাথরের পুতুল মেনেছো যেমন।

যেইসব কুকুরের হাড়-পাঁজর পরে থাকে
নিওন-আলোয় ঝলমলে রাজপথের বাঁকে—
আমার দিনান্তের কলকাতা এখন তেমন।

কলকাতা একদিন ইউটোপিয়া হবে, তাই ছোটে ট্রেন-গাড়ি-বাস,
তারপর কোনো একদিন হয়ত খুঁজে পাবে সেই ভিখারীর নিশ্বাস
অনেক অট্টালিকা-কংক্রিট-পাথরের স্তূপে।

তুমিও তো যেন কলকাতা— মরীচিকা যেন তুমি,
আমার এই অকূল অশ্রুশূন্য মরুভূমি—
কতবার হারিয়েছি পথ তোমার তির্যক বিদ্রুপে।

তুমি কেন আমার হবে? তুমি ও তোমাদের মতো নারী যারা—
কত লোকে পুড়িয়েছে লঙ্কা কিংবা ট্রয়, তোমাদের পায় তারা;
আমাদের রক্ত-অশ্রু-ঘাম বয়ে নিয়ে যায় শত শতাব্দীর নদী।

তবুও কী আশা করেছি এতকাল প্রতি রাতে—
যে কটা দিন কেটেছিলো তোমার সাথে
জীবন ততটুকুই হয়ে রয়ে যেত যদি।


২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।